বুধবার ২৬ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান

16 May, 2026 10:42:09
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জাহিদুল ইসলাম (৩৮) ও তিন বছর বয়সী ছেলে আব্দুর রহমান। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার ব্যাটারিচালিত ভ্যানচালক জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর বয়সী সন্তান আব্দুর রহমানকে কানের চিকিৎসকের পরামর্শ নিতে জন্য জাহিদুল ইসলাম স্ত্রী বিথী আক্তারকে নিয়ে নিজের ব্যাটারিচালিত ভ্যান করে নীলফামারী জেলার ডোমার উপজেলা বাজারে যান। পরে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এরই মাঝে তারা দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের লাইটের আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণকাজের জন্য মহাসড়কের উপর রাখা একটি বালুর ঢিবিতে ধাক্কা খায়। এতে ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে যান বিথী। পরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বিথী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় স্বামী ও সন্তানকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

এদিকে মারুফ এন্ড আবিদ পরিবহন নামে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। এসময় চালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনার সময় প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যায়। মাংস কুড়িয়ে কুড়িয়ে ডেডবডি ব্যাগে নেয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport