মোঃ মিনারুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকালে নেত্রকোণা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিসিডিএস জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট কাইয়ুম খান উত্থান, সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ ও সনজিৎ কুমার সাহা রায় রিন্টুসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনা থেকে বিসিডিএসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে লাইসেন্সবিহীন ও অবৈধ ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সারা দেশে ধারাবাহিক ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।