মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি, নেত্রকোনা)
দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চিত ও প্রশাসনিক বৈষম্য দূর করতে পরিচালনা পর্ষদ কর্তৃক প্রেরিত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে নেত্রকোনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন (সিবিএ - বি ২২১৫)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে ২০১৪ সালে বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সাবেক 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের ধারাবাহিকতায় গঠিত এই ব্যাংকে বর্তমানে প্রায় ১১ হাজার জনবল ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ দিন একই পদে চাকরি করলেও নাম পরিবর্তন বা পদোন্নতির কোনো সুযোগ না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ বিরাজ করছে, যা ব্যাংকের প্রশাসনিক সুশাসনকে ব্যাহত করছে।
বক্তারা জানান, কর্মচারীদের দাবির মুখে ব্যাংকের ১২৩তম বোর্ড সভায় পদের নাম পরিবর্তন করে ২০২৪ সালের ১৩ নভেম্বর এবং জনবল কাঠামো ঠিক রেখে পদোন্নতির বিধান রেখে ১৩৯তম বোর্ড সভায় প্রস্তুতকৃত অর্গানোগ্রাম ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। কিন্তু বারবার বৈঠক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সেই সাংগঠনিক কাঠামো অনুমোদন পায়নি।
কর্মসূচিতে অবিলম্বে প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ-এর সাধারণ সম্পাদক রয়েল ইসলাম, সহ-সভাপতি দোলেনা আক্তার, দপ্তর সম্পাদক বিনোদ চক্রবর্তী এবং অফিস সহায়ক সাগর সাহা প্রমুখ। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।