নেত্রকোনায় নজরুল বর্ষ উপলক্ষে ৪০টি নিবন্ধিত পাঠাগার নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
নেত্রকোনায় নজরুল বর্ষ উপলক্ষে ৪০টি নিবন্ধিত পাঠাগার নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি,নেত্রকোনা)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা-২০২৬’।
শনিবার (২৮ নভেম্বর) নেত্রকোনা জেলার ৪০টি নিবন্ধিত পাঠাগারের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল মাজেদা আক্তার পাঠাগার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব প্রফেসর মোঃ এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকার পরিচালক আফসানা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ও লোকসাহিত্য কেন্দ্র, নেত্রকোনার সভাপতি ইকবাল হাসান তপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও মাজেদা আক্তার পাঠাগারের অর্থ সম্পাদক পহেলি দে।
দিনব্যাপী এ আয়োজনে জেলার ৪০টি নিবন্ধিত পাঠাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পর্বে পাঠাগার পরিচালনা, পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং পাঠাগারভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, বরং জ্ঞান, মনন, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্র। নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকশিত করতে নিবন্ধিত পাঠাগারগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনা সমাজে ছড়িয়ে দিতে পাঠাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা পাঠাগার সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি জেলার সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন নিবন্ধিত পাঠাগারের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নেত্রকোনা জেলার পাঠাগার আন্দোলন আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার পরিবেশ বিস্তৃত হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



