নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫

16 May 2026, 10:18:34

নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, বিপুল সংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল রাত ১০টা ৫৫ মিনিটে প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইনে জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে জুয়ায় উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল হোসেন, মো. রবিউল ইসলাম এবং মো. সোহেল রানা।

পুলিশের দাবি, সোহেল হোসেন অনলাইন জুয়া চক্রের মূল হোতা। তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং পাঁচটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর জব্দ করা হয়।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এরপর একই রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় আরেকটি বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গোপন অনলাইন জুয়া সেন্টারের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে গভীর রাতে সেখানে অনলাইন জুয়ায় অংশ নিত। জুয়া খেলাকে সহজ করতে কক্ষজুড়ে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস সাজিয়ে রাখা হয়েছিল।

অভিযানে ওই সেন্টার থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন— আল আমিন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান ওরফে বিপ্লব, শাফায়েত রাব্বিসহ আরও কয়েকজন।

এ সময় তাদের হেফাজত থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া অনলাইন জুয়ার আড়ালে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। পুরো চক্রের আর্থিক লেনদেন ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতে এ অভিযান আরও জোরদার করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: