দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ নভেম্বর ২০২৬ :
"বছর পেরিয়ে আগামীর প্রত্যয়ে।"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর হল রুমে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়৷
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি তানভীর ইসলাম কাওসারের সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখছেন। প্রশাসনের দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সব সময় সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয় না। তবে তিনি সব সময় সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং তাঁদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান।
তিনি বলেন, “আমি এটা অপরচুনিটি হিসেবে দেখেছি, সাংবাদিকদের সঙ্গে একটা গেট টুগেদার হবে। সব সময় সবার সঙ্গে ক্লোজলি কাজ করা হয় না। তবে চেষ্টা করি নির্মোহ থাকতে, সবাইকে সহযোগিতা করতে। চেষ্টা করি আপনাদের ইমোশনটাকে শ্রদ্ধা করতে। চেষ্টা করি আমার দ্বারা যাতে কারও ক্ষতি না হয়।”
নিজের দায়িত্ব পালনের সীমাবদ্ধতা ও মানবিক ভুলের বিষয়টি উল্লেখ করে ইউএনও বলেন, ব্যক্তিগতভাবে কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে নন। তবে গণমাধ্যমের লেখনী অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ইতিবাচক উদ্যোগের পথ তৈরি করে। সাংবাদিকদের সংবাদ ও মতামতকে তিনি প্রশাসনের কাজের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করেন।
তাঁর ভাষায়, “ব্যক্তিগতভাবে আমরা কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে না। তবে অনেকের লেখনীতে কাজ হয়। আপনাদের লেখাটাকে আমাদের শক্তি হিসেবে দেখি।”
সাংবাদিকদের কাছ থেকে এ পর্যন্ত পাওয়া সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে দায়িত্ব পালনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। এ জন্য তিনি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনওর বক্তব্যে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং সহযোগিতার সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়, প্রশাসনের কর্মকাণ্ডকে জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, সীমাবদ্ধতা ও জনসম্পৃক্ত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আগামীর প্রত্যয়ে মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার দুইবছর পূর্তিতে এবং তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে এর উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেছেন, “গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যদিও এ বক্তব্য একটা কথার কথা হিসেবেই বলা হয়ে থাকে। কিন্তু তা বাস্তবেই সাংবিধানিক ও আইনী রূপান্তর দেখতে চাই। তা কীভাবে করবেন সংশ্লিষ্টরা ভেবে দেখবেন। অপর তিনটি স্তম্ভ হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়! জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়।
আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।
রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হয়ে গেলেও চতুর্থ স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখা যায়। আর চতুর্থ স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্রব্যবস্থা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, রাষ্ট্র বিপদগ্রস্ত হয়।
আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ। আঁধার কেটে নিশ্চয়ই আলো আসবে। কিন্তু সেটা কি প্রকৃতির নিয়মে হবে? কাউকে না কাউকে ভূমিকা পালন করতে হয়।
সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। সজাগ ও সচেতন থাকলে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা হারিয়ে যাবেনা। সাংবাদিকতার ডিকশনারি থেকে সততা ও পেশাদারিত্ব শব্দ দুটি কখনই বিলীন হবে না। সেখানে অসৎ আর হলুদ সাংবাদিকতার স্থান নেই।”
এ অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার দুইবছর পূর্তিতে এবং তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে এর উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম জামাল মিয়া, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শিমুল তরফদার, জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি রবি উদ্দিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. এহসানুল হক, গণমাধ্যম কর্মী বাপ্পি দে, গণমাধ্যম কর্মী রাজেশ ভৌমিক, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ও চায়ের জনপদ পত্রিকার প্রতিনিধি মো. আলামিন সহ শ্রীমঙ্গলে কর্মরত অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।