দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি,কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়
দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি,কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

মোঃ নয়ন মিয়া দিনাজপুর,জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন,বিরামপুর পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে কাঁঠাল,আম, নিমসহ বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ,অতিরিক্ত তাপমাত্রা,বায়ুদূষণ ও পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখে, মাটিক্ষয় রোধ করে,জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন,বিদ্যালয় থেকেই শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। পাঠ্য পুস্তকের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরাই ভবিষ্যতে পরিবেশ রক্ষার অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত চারজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান। অতিথিরা তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়,পরিবার ও দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান। উপস্থিত অভিভাবকরা বলেন, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে,অন্যদিকে কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করার মাধ্যমে অন্যদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। শিক্ষা ও পরিবেশ দুই ক্ষেত্রেই এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে শিশুদের সার্বিক বিকাশে ইতি বাচক প্রভাব পড়বে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্ব শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়কে আরও সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: