দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

28 September 2026, 1:53:55

দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকানোর প্রতিবাদে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা।

রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ কর্মসূচি চলছিল। ফকিরপাড়া এলাকায় ইজিবাইক চলাচলে দেওয়া ব্যারিকেড তুলে নিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশি সহায়তায় দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় চুয়াডাঙ্গাগামী ইজিবাইক আটকে দেওয়া হচ্ছে। অনেক সময় আটক করা ইজিবাইক থানায় নিয়ে রাখা হয় এবং পরে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হয়। এছাড়া ইজিবাইক চালকদের মারধরের অভিযোগও করেন আন্দোলনকারীরা।

রবিবার সকালে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শতাধিক ইজিবাইক রেখে চালকরা একত্রিত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকানোর জন্য দেওয়া ব্যারিকেড তুলে নিতে হবে এবং তাদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা বন্ধের দাবিও জানান তারা।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার প্রভাস কুমার বসু, এসআই উত্তম ও এসআই প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

ইজিবাইক চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফকিরপাড়া এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard