তজুমদ্দিনে নবাগত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
তজুমদ্দিনে নবাগত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মতবিনিময় সভা

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিন-এর সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও মোহাম্মদ বনি আমিন উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় ইউএনও বলেন, উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের সহায়ক শক্তি। এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করবে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা, জনসেবা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় তজুমদ্দিন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: