মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে চালকদের জখম করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন।
গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠে পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে একদল মুখোশধারী ডাকাত।

তারা সড়ক অবরুদ্ধ করে মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম কুপিয়ে গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালিয়ে যায়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরই ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম, মূল রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ঘটনাস্থলে পাঠান এবং সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনায় থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে।
পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে গ্রেফতার করা হয়। এছাড়া ২৩ জুলাই চুয়াডাঙ্গা জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার ডাকাত এজেন্ট আরিফুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত সুরত আলী ও আলতাফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা লোমহর্ষক এই ডাকাতির বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অন্যদিকে গ্রেফতারকৃত আরিফুলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।