ঝিনাইদহে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ সেশন ও মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন | বিডি-প্রেস 24 ডট কম

ঝিনাইদহে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ সেশন ও মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন

9 May 2026, 12:13:40

ঝিনাইদহে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ সেশন ও মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন

ঝিনাইদাহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোটস (উই)-এর আয়োজনে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক বিশেষ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মোঃ সাইদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এমএসএফ-এর “ইম্পাওয়ার হার” প্রকল্পের সমন্বয়কারী নাজনিন শবনম এবং জেলা সমন্বয়কারী ও ওয়েলফেয়ার এফোটসের নির্বাহী পরিচালক শরিফা খাতুন। সভায় ঝিনাইদহ জেলার প্রায় ৩০ জন সংবাদকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি কার্যকর গণতন্ত্র গঠনে এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা কেবল সংবাদ পরিবেশনকারী নন, বরং মানবাধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে “মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক” গঠন করা হয়। নবগঠিত এই নেটওয়ার্কে সাংবাদিক মোঃ রাজিব হাসানকে আহ্বায়ক এবং শাহানুর আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। নেটওয়ার্কের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ফয়সাল আহমেদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি এম এ কবির ও সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারি, সাংবাদিক সোহাগ আলী, শাহাজাহান নাবিন, কামরুজ্জামন লিটন, ময়না খাতুন এবং জাফর উদ্দীন রাজুসহ আরও অনেক সংবাদকর্মী।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নেটওয়ার্ক আগামীতে মানবাধিকার রক্ষা ও গণমাধ্যম বিষয়ক বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে জোরালো ভূমিকা পালন করবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: