মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার ও দুই নির্মাণশ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ও দুপুরে উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এবং দপদপিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বরিশাল থেকে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’ ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘আবদুল্লাহ পরিবহন’-এর বাস দুটি বৈরী আবহাওয়ার কারণে সড়কের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে।
এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় উভয় বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় ছাদ সাটারিংয়ের মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এসব ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।