মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নলছিটি পৌর ছাত্রদলের এক নেতাসহ গাঁজা সেবনের সময় একজন এবং ঝালকাঠি-বরিশাল মহাসড়কে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে হাতেনাতে আটক করা হয়। আটক আদনান নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, একই রাতে ঝালকাঠি–বরিশাল মহাসড়কের কালিজিরা এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসিবুর বরিশাল শহরের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে মাদকের সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।