জিয়ানগর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি বাজারে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেলের কার্যালয়ের নিচে লোকজন জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টি ও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী খাইরুল ইসলাম দাবি করেছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাঁকে জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইন্দুরকানি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ভাই ভাই হার্ডওয়্যার, স্যানিটারি ও ইলেকট্রনিকসের মালিক খাইরুল ইসলামকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ৪৬ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যবসায়ীর দোকানে জ্বালানি তেল পরিমাপ করে দেখা যায়, পাঁচ লিটার তেলে প্রায় ৪০০ মিলিলিটার তেল কম রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে ব্যবসায়ী খাইরুল ইসলাম বিরোধিতা করেন এবং আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করেন। আদালতের কার্যক্রম শেষে উপজেলা ভূমি অফিসে গেলে খাইরুল ইসলাম বাজারের অন্যান্য বিক্রেতাদের নিয়ে তাঁর কার্যালয়ের নিচে জড়ো হন। এ সময় তাঁকে, তাঁর পেশকার ও গাড়িচালককে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে জড়ো হওয়া লোকজন চলে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও অভিযোগ করেন, ব্যবসায়ীদের বক্তব্য ছিল, তাঁরা পরিমাপে কম দিয়ে পণ্য বিক্রি করলেও তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না।
অন্যদিকে, এ বিষয়ে ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাঁদের কোনো ধরনের সতর্ক না করেই জরিমানা করা হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, “আমি বোতলে লিটার হিসেবে তেল বিক্রি করে থাকি। সরকারি বিএসটিআই নির্ধারিত মাপে তেল কম থাকলে প্রথম পর্যায়ে আমাদের সতর্ক করা যেত। কিন্তু তা না করে সরাসরি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
খাইরুল ইসলাম আরও বলেন, প্রতি সপ্তাহেই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হলে বাজার ব্যবসায়ী কমিটিকে আগে জানিয়ে করা উচিত বলেও তিনি দাবি করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।