চিতলমারীতে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ, মালিকের ২ মাসের কারাদণ্ড | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চিতলমারীতে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ, মালিকের ২ মাসের কারাদণ্ড

30 September 2026, 5:49:24

চিতলমারীতে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ, মালিকের ২ মাসের কারাদণ্ড

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে অনুমোদিত সীমার অতিরিক্ত ও মেয়াদোত্তীর্ণ ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মেসার্স রোহা এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিতলমারী উপজেলা মোড়ের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও জানান, রোহা এন্টারপ্রাইজের লাইসেন্স অনুযায়ী মাত্র ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অনুমতি রয়েছে। কিন্তু অভিযানে প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৪২টি সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে ১৭৪টি পূর্ণ ও ১ হাজার ৮৬৮টি খালি। জব্দ করা সিলিন্ডারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

খাদিজা আক্তার বলেন, এত বিপুল পরিমাণ সিলিন্ডার মজুত রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। জব্দ করা সিলিন্ডারের অনেকগুলোর মেয়াদ ২০২২ ও ২০২৪ সালে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী কোম্পানি থেকে সরাসরি গ্যাস নেওয়ার কথা থাকলেও এসব সিলিন্ডারে বাইরে থেকে রিফিল করানো হতো।

অতিরিক্ত মজুত ও বেআইনি কর্মকাণ্ডের কারণে পেট্রোলিয়াম আইন-২০১৬-এর ২০(১) ধারায় রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্সে অনুমোদিত ৪০টি সিলিন্ডার ছাড়া বাকি সব সিলিন্ডার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দ করা সিলিন্ডারগুলো থানায় রাখা হয়েছে। সাজা পরোয়ানামূলে রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম আশরাফ, এসআই সুজয় এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard