চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে রহমান গাজী (৮৩) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদ-সংক্রান্ত কাজে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন রহমান গাজী। তিনি একটি অটোভ্যানে করে যাওয়ার সময় শহীদ মিনার এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোবাইকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রহমান গাজী চিতলমারী উপজেলার চর কচুড়িয়া গ্রামের মৃত কদম আলী গাজীর ছেলে। তিনি চর কচুড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
নিহতের স্বজন ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান জানান, মসজিদের কাজে উপজেলা পরিষদে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন রহমান গাজী।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, আশঙ্কাজনক অবস্থায় রহমান গাজীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।