চার আসন বহালের দাবিতে বাগেরহাট অচল: দ্বিতীয় দিনের হরতাল পালন | বিডি-প্রেস 24 ডট কম

চার আসন বহালের দাবিতে বাগেরহাট অচল: দ্বিতীয় দিনের হরতাল পালন

11 September 2025, 11:50:25

চার আসন বহালের দাবিতে বাগেরহাট অচল: দ্বিতীয় দিনের হরতাল পালন

বাগেরহাট প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫। 
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি, বেঞ্চ ও গাড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে জেলার সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাগেরহাটের সব রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি এ হরতালের ডাক দেয়। কমিটির দাবি, জেলার অন্তত ১৩৪টি স্থানে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। ফলে আন্তজেলা পরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও। এর ফলে পানগুছি ও মোংলা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঢাকা, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

সড়কে শত শত পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। বিশেষ করে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুই প্রান্ত, ফতেপুর বাজার ও সিএনবি বাজার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ট্রাকচালক ও ব্যবসায়ীরা। সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সড়ক পার হতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। তাঁদের অভিযোগ, রাতে এই দুর্ভোগ আরও বেড়ে যায়।

হরতালের কারণে জেলার সব বাজার ও দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা-ভ্যানসহ ছোট যানবাহন চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। এতে কর্মজীবী থেকে ব্যবসায়ী—সবাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, হরতালের কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম বলেন, “দুর্ভোগ আমাদের কাম্য নয়। নির্বাচন কমিশনের খামখেয়ালি সিদ্ধান্তের কারণেই আজ মানুষের কষ্ট বাড়ছে। তবে চারটি আসন বহালের দাবি জেলার প্রতিটি মানুষের দাবি। সবাইকে নিয়েই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। সেসময় আসনগুলো ছিল—বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী বর্তমানে আসন তিনটি—বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: