মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)ঃ
কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । একই সঙ্গে লবণ চাষিদের স্বার্থ রক্ষায় প্রতি কেজি লবণের ন্যূনতম মূল্য ১৫ টাকা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি । এছাড়া দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজারের চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন ।
প্রধানমন্ত্রী বলেন, ২৫ বছর আগে কক্সবাজারে যে সড়ক দেখেছিলাম, আজও তার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি । কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল । পাশাপাশি মহেশখালী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি । তাই দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে ।
লবণ শিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, লবণ চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে । যাতে তারা প্রতি কেজি লবণের ন্যূনতম ১৫ টাকা মূল্য পান, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে ।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট দেশের বেকার জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে । তিনি বলেন, যারা এই বাজেটের বিরোধিতা করছে, তারা মূলত কর্মসংস্থানের বিরোধিতা করছে ।
সিগারেট ও মাদকদ্রব্যের ওপর কর বৃদ্ধির সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণের রাজনীতি করলে কেউ এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না ।
তারেক রহমান আরও জানান, আগামী এক বছরের মধ্যে ৪২ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে । তিনি বলেন, এসব কার্যক্রম আমার ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মপরিকল্পনার অংশ ।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল । লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ।
সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি । এসময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
এর আগে একই দিন প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন । পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ উদ্বোধন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
এছাড়া নবঘোষিত পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ২য় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে তাঁর পরিবারের হাতে ২০ লাখ টাকার অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।