মোঃ আবদুল্লাহ (আল্ -মামুন), চকরিয়া, কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়া, ৪ মে ২০২৬ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে । একইসাথে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনও সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দীন ও আবদুর রউফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ পরিদর্শনে অংশ নেন । এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
পরিদর্শনকালে উপ-সচিব ও সিভিল সার্জন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতি শিগগিরই ৫০ শয্যার হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে এবং প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে ।
স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে চকরিয়াসহ আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা পাবে ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।