ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নাসিরনগরবাসীর জনজীবন, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত | বিডি-প্রেস 24 ডট কম

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নাসিরনগরবাসীর জনজীবন, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত

24 April 2026, 8:36:47

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নাসিরনগরবাসীর জনজীবন, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জনজীবন। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পরই আবার দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং শুরু হচ্ছে। দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক সময় দিনে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে—গভীর রাতেও মিলছে না কোনো স্বস্তি।

‎এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ,  শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষার লেখাপড়ায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের, অন্যদিকে বিদ্যুৎনির্ভর ছোট-বড় ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে। এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও দুর্বলতা দেখা দিয়েছে।

‎বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যার অভিযোগ করছেন গ্রাহকরা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে, তীব্র গরমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।

‎উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

‎তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো কোন বক্তব্য পাওয়া যায়নি। সার্বিকভাবে দীর্ঘায়িত জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: