গুরুদাসপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত
গুরুদাসপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত
সজিবুর রহমান, নাটোর প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (৬ আগস্ট) একযোগে আটটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে বৈধ আবেদন করেছেন ৯২৫ জন এবং সুপারভাইজার পদে আবেদন করেছেন ১৩৯ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে একটি পৃথক টিম সুপারভাইজার পদপ্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করেন।
এছাড়া তথ্য সংগ্রহকারী প্রার্থীদের পরীক্ষা গ্রহণে পৃথক সাতটি টিম দায়িত্ব পালন করে। নাজিরপুর ইউনিয়নে কৃষি কর্মকর্তার নেতৃত্বে, বিয়াঘাট ইউনিয়নে বিএডিসির সহকারী প্রকৌশলী, ধারাবারিষা ইউনিয়নে উপজেলা প্রকৌশলী, মশিন্দা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা, খুবজিপুর ইউনিয়নে বিআরডিবি কর্মকর্তা, চাপিলা ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং গুরুদাসপুর পৌরসভায় সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা শেষে মেধাতালিকা ও অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকাসহ চূড়ান্ত ফলাফল উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



