প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৫:৪৮ পি.এম
গুরুদাসপুরে গভীর রাতে একই পরিবারের ৬টি গরু চুরি, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা

নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় গভীর রাতে একটি পরিবারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে ২১ মঙ্গলবার এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে। ভুক্তভোগী রমজান হাজির ছেলে আজিজুল হক, আলামিনসহ একই পরিবারের সদস্যদের গরুগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী আজিজুল হক জানান, রাত ১০টার দিকে গরুগুলো দেখাশোনা করে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে আনন্দনগর টেকনিক্যাল কলেজের নাইটগার্ড ডাবলু এসে তাকে জানায় যে, তাদের গরু চুরি হয়েছে।
পরে তিনি দ্রুত বের হয়ে মোটরসাইকেলে করে চাচকৈড় পুরাতন ব্রিজ এলাকায় যান। সেখানে নৈশ প্রহরীর কাছ থেকে জানতে পারেন, একটি বড় পিকআপ ভর্তি গরু পুরাতন ব্রিজ পার হয়ে নদীর ধারের মাছের আড়তের সামনে দিয়ে চলে গেছে। পরে নয়াবাজার পর্যন্ত খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “গাভী পালন করেই আমার পরিবারের জীবিকা চলে। গরুগুলো ফিরে না পেলে পরিবার নিয়ে আবার ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে পড়বে।”
স্থানীয়দের ধারণা, গরুভর্তি পিকআপটি নাজিরপুর হয়ে নাটোর অথবা সিংড়া উপজেলার দিকে যেতে পারে।
সরেজমিনে দেখা গেছে, যেখান থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছে, সেটি আনন্দনগর টেকনিক্যাল কলেজের সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা। তবে বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকায় কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শেষে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে বলে জানা গেছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।
- অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫।
- যোগাযোগ : 01737208208,01711977369 / ইমেইল : buletin247@gmail.com
বিডি-প্রেস 24 ডট কম