মঙ্গলবার ৫ মে, ২০২৬

ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষায় জোর: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

4 May, 2026 11:49:58
ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষায় জোর: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

মো সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধি:

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সোমবার (৪ মে) দুপুরে রাজশাহীর পবা এবং মোহনপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিটি শিশু-কিশোর যেন নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পায়, সেদিকে সচেষ্ট দৃষ্টি রাখতে হবে। সঠিক নৈতিক শিক্ষার অভাবেই তরুণরা বিপথগামী হতে পারে। তাই ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।”
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করার ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। তৃতীয় বিশ্বের দেশগুলোর ছাত্র ও শ্রমিক সমাজের সংগঠিত শক্তির মতো, খেলার মাঠেও একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। বিপক্ষের বিরুদ্ধে সঠিক কলাকৌশল ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার এই শিক্ষাই তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে।
এ সময় তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে খেলাধুলাকে নতুন মাত্রায় উন্নীত করার এবং ক্রীড়াঙ্গনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান।
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।
অন্যদিকে, পবার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport