তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:
কুষ্টিয়ায় এক মৃত করদাতার আয়কর ফাইল নিষ্পত্তির নামে তার ছেলের কাছে এক লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে অতিরিক্ত সহকারী কর কমিশনার সোয়াগ হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে করদাতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।
অভিযোগকারী নাজমুস সাকিব জানান, প্রায় এক মাস আগে তার বাবা মারা যান। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে তিনি মৃত্যু সনদ ও লিখিত আবেদন নিয়ে কুষ্টিয়ার তেঁতুলতলা আয়কর অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও আবেদন জমা দেওয়ার পর তাকে কোনো রিসিভ কপি দেওয়া হয়নি।
তার দাবি, রিসিভ কপি চাইলে কর্মকর্তা জানান, এ ধরনের কপি দেওয়ার কোনো বিধান নেই। পরে ‘অনিক’ নামের এক ব্যক্তি কর অফিসের পরিচয় দিয়ে তাকে ফোন করে পরদিন অফিসে গিয়ে কর্মকর্তার সঙ্গে দেখা করতে বলেন।
নাজমুস সাকিবের ভাষ্য অনুযায়ী, পরদিন অতিরিক্ত সহকারী কর কমিশনার সোয়াগ হোসেন তাকে জানান, তার মৃত বাবার ফাইল অডিটে রয়েছে। বিষয়টি নিষ্পত্তি করতে এক লাখ টাকা দিতে হবে, অন্যথায় অ্যাসেসমেন্টের মাধ্যমে ফাইল জটিল করা হবে।
কর বিশেষজ্ঞদের মতে, কোনো করদাতা মারা গেলে তার কর-সংক্রান্ত বিষয় আইনগত উত্তরাধিকারীদের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া মৃত ব্যক্তির নামে কর কার্যক্রম চালানোর সুযোগ নেই।
বিশেষজ্ঞরা বলেন, ফাইল নিষ্পত্তির নামে অর্থ দাবি করা বা কর জটিলতার ভয় দেখানো দুর্নীতির আওতাভুক্ত হতে পারে এবং তা শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।