কাশিমপুর কারাগারে কমরেড মেননসহ মহাজোটের শীর্ষ নেতাদের অনশন
কাশিমপুর কারাগারে কমরেড মেননসহ মহাজোটের শীর্ষ নেতাদের অনশন
দেওয়ান মাসুকুর রহমান , নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর ২০২৬ :
বিশেষ খাবারের সুবিধা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং জেল সুপারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এর প্রতিবাদ স্বরূপ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে (পার্ট-৩) অনশন কর্মসূচি শুরু করেছেন বন্দি থাকা কমরেড রাশেদ খান মেনন সহ মহাজোটের শীর্ষ সিনিয়র নেতারা।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত থেকে তারা এই অনশন পালন করছেন বলে আসামিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
অনশনরত নেতাদের মধ্যে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিনসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
পরিবার সূত্রে জানা গেছে, কারাবন্দি এই নেতাদের অধিকাংশই বীর মুক্তিযোদ্ধা এবং দেশের ক্রান্তিলগ্নে লড়াকু সৈনিক। তাদের সবার বয়সই ৭০ বছরের ওপরে। বার্ধক্যজনিত কারণ ছাড়াও তারা প্রত্যেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ (হাই প্রেশার) ও হৃদযন্ত্রের সমস্যাসহ দীর্ঘমেয়াদি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কারাবিধি ও বিশেষ ব্যবস্থায় তাদের জন্য উন্নত ও পথ্য খাবারের ব্যবস্থা ছিল। তবে গতকাল রাত থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই সেই বিশেষ খাবারের ব্যবস্থা বন্ধ করে দিয়ে তাদের সাধারণ কয়েদিদের খাবার সরবরাহ করা হচ্ছে।
জাতীয় এই নেতৃবৃন্দের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জামায়াত-সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। রাজনৈতিক প্রতিশোধপরায়ণ হয়েই তিনি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ এই নেতাদের বিশেষ খাবারের সুবিধা বাতিল করেছেন বলে পরিবারগুলো দাবি করেছে। জেল সুপারের এমন আচরণের প্রতিবাদেই গতকাল রাত থেকে তারা সব ধরনের খাবার গ্রহণ থেকে বিরত রয়েছে।
পরিবারগুলোর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে একটি মামলায় গ্রেফতার করার পর আইন ও আদালতের তোয়াক্কা না করে একের পর এক ‘গায়েবি’ ও ভিত্তিহীন মামলায় তাদের শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এভাবে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তাদের অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বা কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



