গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব পশ্চিমপাড়া এলাকায় ২০ থেকে ৩০ টি পরিবারের চলাচলের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দুয়াব পশ্চিমপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে কেন্দুয়াব-নামিলা মেইন রোডের রফিকুল ইসলামের বাড়িসংলগ্ন স্থান থেকে আমুরী খাল পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি পুরোনো রাস্তা রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের পূর্বপুরুষরাও দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছেন। তবে মৃত জালাল উদ্দিনের তিন ছেলে রফিকুল ইসলাম, মো. আবু তাহের ও মো. ইসমাইল হোসেন রাস্তার প্রায় ৪০ থেকে ৫০ ফুট অংশ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এতে ২০ থেকে ৩০ টি পরিবারের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে অভিযোগকারী মো. আবুল হাশেম টোক ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত তালিকা ও জমির আরএস পর্চার কপি সংযুক্ত করেছেন। জমিটির আরএস খতিয়ান নম্বর ৪০ এবং দাগ নম্বর ৮৯৭ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আবুল হাশেম বলেন, রাস্তাটি বন্ধ থাকায় এলাকার বহু পরিবার দুর্ভোগে পড়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মোঃ আবু তাহের অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানান, তাঁরা কোনো রাস্তা বন্ধ করেননি। এলাকায় বর্তমানে দুটি রাস্তা চলমান রয়েছে। প্রয়োজনে রাস্তা আরও প্রশস্ত করে দিতেও তাঁরা রাজি আছেন। তবে নতুন করে রাস্তা দেওয়ার কথা বলা জায়গাটিতে তাঁদের গরুর খামার ও গাছপালা রয়েছে বলে দাবি করেন তাঁরা।
এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।