কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা: তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা: তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা (৬০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার (২৫ আগস্ট) নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দুলাল মার্কেট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের ও রওশন আরা বিথী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হোসেন, নিহত আতাউরের ছেলে আশরাফুল, মান্নান, কামাল, রুহুল ও আতিকুলসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ বৃদ্ধ অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহত আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম বিপাকে পড়েছে তার পরিবার।
গত ২০ আগস্ট রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ ও পিবিআই তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্য ও ছিনতাইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে মানববন্ধনে তদন্ত নিয়ে প্রশ্নও তুলেছেন স্থানীয়রা। বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের বলেন, ঘটনার দিন চারজনকে আটক করা হয়েছিল। প্রথমে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী সময়ে অপর তিনজনকে আটক করা হয়। পরে তাকেই নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, যার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হলো, তাকেই কেন ছেড়ে দেওয়া হলো? তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা আরও পরিষ্কার হতে পারে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার নেপথ্যে থাকা মূল আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের শিমুলতলী এলাকার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন নির্জন সড়কের পাশে কলাবাগানে আতাউর রহমান আতার মরদেহ পাওয়া যায়। এর আগে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে ছেলের নির্মম হত্যাকাণ্ডের খবর শুনে শোক সইতে না পেরে আতাউরের মা মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরপর এই দুই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



