শনিবার ২২ আগস্ট, ২০২৬

কাঁঠালিয়ায় দোকানে বাকি না দেওয়ায় ব্যবসায়ী ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেফতার

21 August, 2026 10:08:25
কাঁঠালিয়ায় দোকানে বাকি না দেওয়ায় ব্যবসায়ী ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেফতার

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দোকানে বাকি পণ্য না দেওয়ার জেরে এক ব্যবসায়ী ও তার দুই ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী সমীর ঠাকুরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় অভিযুক্ত হামলাকারীকে দ্রুত গ্রেফতার করা হয়েছে।

​স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়া বাজারে মুদি দোকান পরিচালনা করেন সমীর ঠাকুর। সম্প্রতি ওই এলাকার মৃত ফারুক হাওলাদারের ছেলে রাজা মিয়া তার দোকানে এসে বাকি মাল চান। ব্যবসায়ী সমীর ঠাকুর বাকি দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

​এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে রাজা মিয়া ধারালো চাকু নিয়ে সমীর ঠাকুরের ওপর অতর্কিত হামলা চালান। বাবার ডাকচিৎকারে তাকে বাঁচাতে তার দুই ছেলে এগিয়ে আসেন। এ সময় হামলাকারী রাজা মিয়া তাদের ওপরও চড়াও হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ধারালো চাকুর আঘাতে ব্যবসায়ী সমীর ঠাকুর ও তার ছেলে লিখন ঠাকুরসহ দুই ছেলে মারাত্মকভাবে আহত হন।

রক্তারক্তি কাণ্ডের পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ব্যবসায়ী সমীর ঠাকুরের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে।

এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো কচুয়া বাজার ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport