মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আলহাজ্ব কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (২৯ জুন) দুপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশুর জন্য একটি গাছ) শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজে মোড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এবং ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচি সম্পর্কে আয়োজকরা জানান, বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া এবং নিয়মিত তা পরিচর্যার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষার্থীর ওপর নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।