কলাপাড়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, দুই দিন ভেসে থেকে প্রাণে বাঁচল ১৪ জেলে; নিখোঁজ ৬
কলাপাড়ায় মায়ের দোয়া ট্রলার ডুবি, দুই দিন ভেসে থেকে প্রাণে বাঁচল ১৪ জেলে; নিখোঁজ ৬
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ ২০ আগস্ট বুধবার ২০২৫।
পটুয়াখালীর কলাপাড়া উপকূলে পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এফবি মায়ের দোয়া নামের মাছধরা ট্রলারটিতে ২০ জন জেলে ছিলেন। রবিবার ভোররাতে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।
আজ বুধবার দুপুরে পাইপ বয়া সংলগ্ন সাগর এলাকায় আরেকটি মাছধরা ট্রলারের জেলেরা পানিতে ভাসমান অবস্থায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে। এর আগে সকালেই পায়রা বন্দরের প্রায় ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে অন্য একটি ট্রলারের জেলেরা আরও একজনকে জীবিত উদ্ধার করে। বর্তমানে উদ্ধার হওয়া ১৪ জন জেলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন জেলে। তাদের পরিচয় পাওয়া গেছে—আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। সকলেই চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে মায়ের দোয়া ট্রলারটি নিয়ে তারা মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে পাড়ি জমিয়েছিলেন। হঠাৎ ঝড়ো হাওয়ায় ট্রলারটি ডুবে গেলে তারা প্রাণ বাঁচাতে প্লাস্টিকের পানির ড্রাম আঁকড়ে ধরে সমুদ্রে টিকে থাকার চেষ্টা করেন। টানা দুই দিন ভেসে থাকার পর শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে ইতোমধ্যে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চলছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



