কয়রায় লোকালয়ে ঢুকে পড়া অজগরের বাচ্চা উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

কয়রায় লোকালয়ে ঢুকে পড়া অজগরের বাচ্চা উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

5 August 2026, 11:06:55

কয়রায় লোকালয়ে ঢুকে পড়া অজগরের বাচ্চা উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ফরহাদ হোসাইন;কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার তেতুলতলা চর গ্রামে একটি বসতবাড়িতে ঢুকে পড়া একটি অজগরের বাচ্চা উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। বন বিভাগের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে পড়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টায় মোবাইল ফোনে খবর পাওয়া যায় যে, কয়রা উপজেলার তেতুলতলা চর গ্রামের বাসিন্দা আব্বাস গাজীর বাড়িতে একটি অজগরের বাচ্চা ঢুকে পড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই খুলনা রেঞ্জের আওতাধীন হায়াতখালী টহল ফাঁড়ির বনকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

পরে হায়াতখালী টহল ফাঁড়ির বনকর্মীদের সঙ্গে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) এবং ভলান্টিয়ার টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিছু সময়ের চেষ্টায় অজগরের বাচ্চাটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি সুস্থ অবস্থায় সংরক্ষিত সুন্দরবনের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির আশপাশে সাপটি দেখতে পেয়ে প্রথমে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বন বিভাগকে খবর দিলে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। এতে কোনো ব্যক্তি বা প্রাণীর ক্ষয়ক্ষতি ঘটেনি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় বর্ষাকাল ও জোয়ারের সময় বিভিন্ন বন্যপ্রাণী খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বা বন্যপ্রাণীকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বন বিভাগ আরও জানায়, অজগর বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এগুলোকে হত্যা বা ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: