উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

23 September 2026, 11:08:17

উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ

‎গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো বাতাস ও সাগরে বড় বড় ঢেউয়ের কারণে নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দর, নদ-নদীর মোহনা ও খালে ফিরে এসেছে শত শত ফিশিং ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলেরা সাগর থেকে জাল-নৌকা গুটিয়ে উপকূলের দিকে ফিরতে শুরু করেন।

‎বুধবার বিকেল পর্যন্ত সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দর ও নদ-নদীর মোহনায় শত শত ফিশিং ট্রলার নোঙর করে থাকতে দেখা গেছে। গভীর নিম্নচাপের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

‎শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এবং ঝোড়ো বাতাসও রয়েছে। এমন পরিস্থিতিতে গভীর সাগরে অবস্থান করা কয়েকশ ফিশিং ট্রলার মঙ্গলবার রাত থেকেই নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলের বিভিন্ন এলাকায় ফিরে এসেছে।

‎তিনি জানান, রায়েন্দা, রাজৈর, বাগেরহাটের কেবি মৎস্য বন্দর, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ফিশিং ট্রলারগুলো নোঙর করেছে। এছাড়া সুন্দরবনের বিভিন্ন খালেও বেশ কিছু ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। ছোট আকারের কয়েকটি ফিশিং ট্রলার বুধবার বিকেল পর্যন্তও উপকূলের দিকে ফিরছিল।

‎তিনি আরও জানান, দুবলারচর এলাকায় ঝোড়ো বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সাগরে থাকা জেলে ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জেলেদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard