মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় গভীর রাতে দুঃসাহসিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০০টি পরিবার হঠাৎ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মাজার সংলগ্ন স্থানে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বিদ্যুৎ না থাকায় বিষয়টি বুঝতে পারেন এলাকাবাসী। আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ঘরোয়া কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সবকিছুতেই নেমে আসে স্থবিরতা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এত বড় একটি ট্রান্সফরমার চুরি হওয়া নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই স্পষ্ট করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
এলাকার বাসিন্দা রবিন মিয়া বলেন, “মেইন রোডের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় আছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন জরুরি।”
এ বিষয়ে আবাসিক ও উপবিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম জানান, নতুন ট্রান্সফরমার বসানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে স্থানীয়দের সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।”
এদিকে, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।