শরিফ ইসলাম, নাটোরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি সরকারি কোয়ার্টারে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতরা জানালার গ্রিল কেটে কোয়ার্টারে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা কর্মকর্তা দম্পতিকে জিম্মি করে ফেলে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে দ্রুত সটকে পড়ে। ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় তারা মুক্ত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও ঘটনাটি তদন্তে নেমেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।