জহুরুল হক জনি,লালমনিরহাট প্রতিনিধি:
সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক, জুয়া ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘আলোকিত লালমনিরহাট-আমাদের অঙ্গীকার’ শীর্ষক চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ র্যালির আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলু, এমপির নেতৃত্বে র্যালিটি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে যাত্রা শুরু করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে লালমনিরহাটের হাজারো স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালিতে মন্ত্রীর সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
র্যালির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের মধ্যে সামাজিক অপরাধের ভয়াবহতা এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, ‘আলোকিত লালমনিরহাট’ কেবল একটি কর্মসূচি নয়; এটি সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি, জুয়া, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে একটি জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন। প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই এ আন্দোলনের মূল লক্ষ্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লালমনিরহাটে ব্যাপক সাড়া জাগানো এ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরের কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা গেলে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়বে।তবে শুধু র্যালি ও স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাদক ব্যবসা, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখাই হবে এ আন্দোলনের প্রকৃত সাফল্য।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।