মোঃ নুরুল ইসলাম রাজু, উপজেলা প্রতিনিধি আলীকদম(বান্দরবন):
বান্দরবানের আলীকদমে সন্দেহজনক হামের প্রাদুর্ভাব ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে অত্র উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত ৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত হালনাগাদকৃত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ৮৫ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ৭৩ জনই সন্দেহজনক হামের রোগী। এ পর্যন্ত মোট ১৮৯ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর অবস্থার কারণে ৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
ডা. হানিফ জানান, আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ পর্যন্ত সর্বমোট ১১৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে আজই ছাড়া পেয়েছেন ৪৩ জন। এছাড়া হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরি বিভাগ থেকে আরও ৩১ জন সন্দেহজনক হামের রোগী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে তৎপর রয়েছে। তবে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের দ্রুত টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।