শুক্রবার ২৪ জুলাই, ২০২৬

আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু, দুর্গম অঞ্চলে স্থায়ী মেডিকেল ক্যাম্পের উদ্যোগ জেলা পরিষদের

15 May, 2026 11:45:53
আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু, দুর্গম অঞ্চলে স্থায়ী মেডিকেল ক্যাম্পের উদ্যোগ জেলা পরিষদের

উপজেলা প্রতিনিধি, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলা উপজেলায় হামের উপসর্গ ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।
এদিকে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তুমরাও ম্রো (১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৫ মে পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৩২০ জন। এর মধ্যে ২৬৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯০ জন। উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৩ জন রোগী। এছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছেন আরও ৫১ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় হামের বিস্তার রোধে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পোয়ামুহুরী ও কুরুকপাতা এলাকায় স্থাপিত দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়ায় গিয়ে কাজ করছেন বলেও জানিয়েছে প্রশাসন।
এদিকে শুক্রবার কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও হামে আক্রান্ত বিভিন্ন পাড়া পরিদর্শন করেন অধ্যাপক থানজামা লুসাই। পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দুর্গম এলাকায় একটি স্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান।
এছাড়া পাহাড়ি অঞ্চলের পানি ও স্যানিটেশন সমস্যা নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য  সাইফুল ইসলাম রিমন এবং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ক্রাতপুং ম্রো।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport