আমুয়ায় বালুবোঝাই বলগেটের ধাক্কায় ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ: যানবাহন চলাচল বন্ধে দূর্ভোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

আমুয়ায় বালুবোঝাই বলগেটের ধাক্কায় ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ: যানবাহন চলাচল বন্ধে দূর্ভোগ

5 July 2026, 6:58:30

আমুয়ায় বালুবোঝাই বলগেটের ধাক্কায় ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ: যানবাহন চলাচল বন্ধে দূর্ভোগ

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ায় একটি বালুবোঝাই বলগেটের ধাক্কায় ধোপার খালের ওপর নির্মিত অস্থায়ী কাঠের ব্রীজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রীজটি হেলে পড়ায় বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে আমুয়া পূর্বপাড়া হাসপাতাল রোড সংলগ্ন ধোপার খালের ওপর ব্রীজটিতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবোঝাই বলগেট নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এর ফলে ব্রীজের লোহার দুটি খুঁটি বেঁকে যায় এবং পুরো কাঠামোটি একপাশে হেলে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন’ ব্রীজটি পরিদর্শনে যায়। সংগঠনের সদস্যরা ব্রীজের নাজুক অবস্থা পর্যবেক্ষণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ব্রীজটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন ও সাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “আমাদের স্লোগান হলো—‘জনসচেতনতায় সর্বদা পাশে’। যেহেতু ব্রীজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাই বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা এড়াতেই এটি বন্ধ করে দেয়া হয়েছে ।”

এই ব্রীজটি আমুয়া হাসপাতালের জরুরি রোগী আনা-নেওয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ব্রীজটি বন্ধ থাকায় বর্তমানে স্থানীয় রোগী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ব্রীজটির এমন বেহাল দশায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ব্রীজটি মেরামতের দাবি জানিয়েছেন যাতে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ লাঘব হয়।এটি মেরামতের কার্যক্রম চলমান বলে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: