সোমবার ২০ এপ্রিল, ২০২৬

২২ হাজার টাকার জাল নোটসহ ঈশ্বরগঞ্জে যুবক আটক, নারী সহযোগী পলাতক

18 April, 2026 2:42:27
২২ হাজার টাকার জাল নোটসহ ঈশ্বরগঞ্জে যুবক আটক, নারী সহযোগী পলাতক

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের রায়বাজারে জাল নোট লেনদেনের অভিযোগে নিজাম এলাহি মিজান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে আঠারোবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

আটক মিজান তারাকান্দা উপজেলার দুগাতি গ্রামের মো. হাসমত আলির ছেলে। বর্তমানে তারাকান্দার বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিজান এক নারী সহযোগীকে সঙ্গে নিয়ে আঠারোবাড়ী রায় বাজারের শুঁটকি ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানে যায়। সেখানে ৫০ টাকার শুঁটকি কিনে তারা দুটি ৫০০ টাকার নোট সরবরাহ করে। দুলাল মিয়া বাকি ৪৫০ টাকা ফেরত দেন। কিন্তু কিছুক্ষণ পর নোট দুটি জাল বলে সন্দেহ হলে তিনি বিষয়টি নিশ্চিত হন।

পরে দুলাল মিয়া চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ধাওয়া করে মিজানকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা নারী সহযোগী ভিড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকের পর স্থানীয়রা মিজানের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেফাজতে নেয়। আঠারোবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজ আহমেদ জানান, আটক যুবকের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

​তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেছে। তার সাথে থাকা নারীটি পালিয়ে গেছে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক মিজানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport