সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার মৃত্যু
সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট খলিশাকুড়ি (কমলাপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
পাতা পরিষ্কার করার সময় ডান পায়ের গোড়ালিতে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বাড়ির সামনের চাতালে গাছের পাতা পরিষ্কার করছিলেন আনোয়ারা বেগম। এ সময় হঠাৎ একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, আনোয়ারা বেগমের ছেলে-মেয়েরা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রায় ২০ বছর ধরে তিনি পার্শ্ববর্তী খলিশাকুড়ি (ভূঁইয়াপাড়া) গ্রামের ব্যবসায়ী জিয়ার বাড়িতে বসবাস করতেন। ওই বাড়ির দেখাশোনার কাজও করতেন তিনি। জিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ঠাকুরগাঁও শহরে বসবাস করেন।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগমের ভরণপোষণ ও প্রয়োজনীয় খরচ বহন করে আসছিলেন ব্যবসায়ী জিয়া।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



