শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ আগস্ট ২০২৬ :
হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন ও এসএমএস দুটি বাস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। —এমন পরিস্থিতিতে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ (বিরতিহীন) বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী যাত্রীবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতি কর্মী ও সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। তিনি শ্রীমঙ্গলের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক মনোনীত শ্রেষ্ঠ সংগীত শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার শ্রীমঙ্গল শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নীহার রঞ্জন নাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট এর সম্পাদক মো. আনিছুল ইসলাম আশরাফী, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শফিকুল ইসলাম রুম্মন, রাজেশ ভৌমিক, মিজানুর রহমান আলম, আবুজার রহমান বাবলা, সৈয়দ ছায়েদ আহমেদ, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীম, দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি জামাল, দৈনিক নিরপেক্ষ-এর প্রতিনিধি মো. কাওছার আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সদস্য আবদাল মিয়াসহ অন্যান্যরা।
লিখিত বক্তব্যে সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী বলেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সুধীজন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনদুর্ভোগের বিষয় আপনাদের সামনে তুলে ধরতে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে।
হবিগঞ্জ-সিলেট সড়ক পথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন শিক্ষার্থী, রোগী, চাকুরীজীবী, বাবসায়ী, শ্রমজীবী মানুষ, পর্যটকসহ সর্বস্তরের মানুষ এই সড়কপথের ওপর নির্ভরশীল।
দুঃখজনক বিষয় হলো হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি দিচ্ছে না। অথচ পূর্বে এই বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে নিয়মিত যাত্রাবিরতি দিত এবং সাধারণ যাত্রীরা অত্যন্ত উপকৃত হতো। আমাদের প্রশ্ন হলো- দুটি পরিবহন প্রতিষ্ঠানের বিরোধের দায় কেন সাধারণ যাত্রীদের বহন করতে হবে?
একটি পরিবহন ব্যবসায়িক বিরোধের কারনে শ্রীমঙ্গল সহ এতদঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ কেন তাদের স্বাভাবিক যাতায়তের সুযোগ থেকে বঞ্চিত হবে।
বিশেষ করে বর্তমানে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ পর্যন্ত কার্যকর কোন বিরতিহীন বাস সার্ভিস না থাকায় যাত্রীদের একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে এবং বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্র। দেশ-বিদেশের পর্যটকরা এখানে আসেন। সড়ক যোগাযোগের এমন একটি গুরুত্বপূর্ন রুটে যাত্রীবান্ধব দুটি পরিবহন সার্ভিসের মধ্যে বিরোধের কারণে সাধারণ জনগণ যেন ভুক্তভোগী না হন।
আমাদের দাবি অত্যন্ত ন্যায্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট:
প্রথমত, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস পূর্বের ন্যায় যাত্রাবিরতি দিয়ে যাত্রী নেওয়া এবং আসার পথে নামিয়ে দেওয়া অবিলম্বে পূনর্বহাল করতে হবে।
দ্বিতীয়ত: কোন পরিবহন ব্যবসায়িক বিরোধের কারনে কোন এলাকার সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ করা যাবে না।
তৃতীয়ত: শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করতে হবে।
আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জনস্বার্থকে সর্ব্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করুন।
আমরা আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ- সিলেট বিরতিহীন বাসের পূর্বের যাত্রাবিরতি অবিলম্বে পূনর্বহাল করবেন।
পরিশেষে, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ আপনারা সাধারণ মানুষের এই দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবেন।
আমাদের দাবি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমাদের দাবি সাধারণ যাত্রীদের অধিকার ও জনস্বার্থের পক্ষে। আসুন, পরিবহন মালিকদের বিরোধের সমাধান হউক, কিন্তু সাধারণ যাত্রী যেন ভোগান্তির শিকার না হয়।
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহাল চাই। সবাইকে ধন্যবাদ।
এর আগেও সাধারণ জনগণের পক্ষে সম্প্রতি মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি প্রদান করেছেন তিনি। এর পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মিরপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ এলাকার বিপুলসংখ্যক মানুষ ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিকসহ নানা প্রয়োজনে নিয়মিত একে অপরের এলাকায় যাতায়াত করেন। এসব মানুষের জন্য হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কিন্তু হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গলের যাত্রীদের এ সার্ভিসে ওঠানামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। এতে করে যেসব যাত্রীকে মিরপুর, শায়েস্তাগঞ্জ বা হবিগঞ্জে যেতে হয়, তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস শ্রীমঙ্গলের ওপর দিয়ে চলাচল করলেও শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো কিংবা ফেরার পথে যাত্রী নামিয়ে দেওয়ার সুযোগ না থাকায় সাধারণ মানুষ বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে যাতায়াতকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টিকে অমানবিক ও যাত্রীস্বার্থবিরোধী উল্লেখ করে দ্রুত এর সমাধানের দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে তার প্রভাব যেন সাধারণ যাত্রীদের ওপর না পড়ে। একটি রুটে পরিবহন সার্ভিস চলাচল করার পরও মাঝপথের গুরুত্বপূর্ণ জনপদ শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় জনসাধারণের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান প্রয়োজন।
স্মারকলিপিতে জেলা প্রশাসনকে জেলার অভিভাবক হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যকার বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ যাত্রীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী মো. তারেক ইকবাল চৌধুরী বলেন, সাধারণ মানুষের যাতায়াতের অধিকার ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। পরিবহন সংশ্লিষ্টদের বিরোধের কারণে সাধারণ যাত্রীরা কেন দুর্ভোগ পোহাবেন—এ প্রশ্নও তিনি তুলে ধরেন।
এলাকাবাসী আশা করছেন, জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যাটির দ্রুত সমাধান হবে এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী যাত্রীদের বিরতিহীন বাসে ওঠানামার সুযোগ নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্টদের মতে, শ্রীমঙ্গল বৃহত্তর সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক জনপদ। ফলে এখানকার মানুষের আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করা শুধু স্থানীয় জনগণের স্বার্থেই নয়, সামগ্রিক আঞ্চলিক যোগাযোগব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



