শনিবার ২২ আগস্ট, ২০২৬

শাপলা তুলতে গিয়ে বিপদে কিশোরী, ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

21 August, 2026 10:28:19
শাপলা তুলতে গিয়ে বিপদে কিশোরী, ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাগেরহাট প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোংলায় শাপলা তুলতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরের কাছে শাপলা তুলতে যায় কিশোরীটি। এ সময় একই এলাকার সুমন শিকদার তাকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘেরের বেড়িবাঁধের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর অভিযুক্ত তাকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ফলে কয়েক দিন বিষয়টি পরিবারের সদস্যদের কাছে গোপন রাখে কিশোরী। পরে অসুস্থ হয়ে পড়লে তার মামির কাছে ঘটনাটি জানায় সে। এরপর পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।

শুক্রবার ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত সুমন শিকদারকে গ্রেপ্তার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport