বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

শরণখোলায় ভুয়া সাংবাদিক সুজন, মহিলা দলের নেত্রীদের উপর হামলার অভিযোগে মানববন্ধন

20 February, 2026 2:18:13
শরণখোলায় ভুয়া সাংবাদিক সুজন, মহিলা দলের নেত্রীদের উপর হামলার অভিযোগে মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
‎বাগেরহাটের শরণখোলা উপজেলাতে ভুয়া সাংবাদিক পরিচয়ে হামলা, মারধর ও হুমকির অভিযোগে সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলর নেত্রীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাঁচ রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক ইভা জমান, সাংগঠনিক সম্পাদক আসমা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা চলাকালে সুজন, তার মা সাগর আক্তার এবং বড় ভাই সোহাগ তালুকদার অতর্কিত হামলা চালায়। এ সময় তারা উপস্থিত নেত্রীদের মারধর, শারীরিকভাবে লাঞ্ছিত এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে কয়েকজন নেত্রী আহত হন।
‎উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আসমা বেগম বলেন, “আমি ওই পরিবারেরই পুত্রবধূ। পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও তারা আমাকে প্রকাশ্যে অপমান করেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে মারধর করেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এর সঠিক বিচার চাই।”
‎উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইভা জমান অভিযোগ করে বলেন, “সুজন একজন ভুয়া সাংবাদিক। সে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় এবং চাঁদাবাজি করে। বিভিন্ন এনজিও থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মানুষকে হুমকি দেয়। গত ১৬ ফেব্রুয়ারি আমাকে মারধর করে রক্তাক্ত করে। পরে হাসপাতালে গিয়েও মামলা না করার জন্য আমাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।”
‎তিনি আরও বলেন, “সুজন বিভিন্ন সময় নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে ফোন করে সাধারণ মানুষকে ভয় দেখায়। তার এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছে।”
‎মানববন্ধনে উপস্থিত নেত্রীরা আরও জানান, অভিযুক্ত সাগর আক্তার, যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তিনিও একই সংগঠনের একটি দায়িত্বশীল পদে রয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে তারা উল্লেখ করেন।
‎বক্তারা আরও দাবি করেন, সুজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৭ আগস্ট শরণখোলা প্রেসক্লাবে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভুয়া সাংবাদিক পরিচয়ে কেউ যদি এভাবে সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে তা শুধু ব্যক্তি বা সংগঠনের জন্য নয়, বরং পুরো সাংবাদিক সমাজের জন্যও হুমকি। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
‎মানববন্ধন শেষে নেত্রীরা বলেন, যদি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport