লালপুরে সড়ক সংস্কারে ফের অনিয়মের অভিযোগ: ঠিকাদারের ভাটার পুরোনো ও নিম্নমানের খোয়া ব্যবহারে ক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

লালপুরে সড়ক সংস্কারে ফের অনিয়মের অভিযোগ: ঠিকাদারের ভাটার পুরোনো ও নিম্নমানের খোয়া ব্যবহারে ক্ষোভ

23 November 2026, 11:28:27

লালপুরে সড়ক সংস্কারে ফের অনিয়মের অভিযোগ: ঠিকাদারের ভাটার পুরোনো ও নিম্নমানের খোয়া ব্যবহারে ক্ষোভ

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় সড়ক সংস্কার কাজে অনিয়মের যেন শেষ হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সরকারের কোটি কোটি টাকা জলে যাওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি দেড় কোটি টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কারে অনিয়মের সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এরই মাঝে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে ৪০০ মিটার সড়ক সংস্কার ……… কাজের শুরুতেই বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সিডিউল অনুযায়ী সড়ক নির্মাণে নতুন ও এক নম্বর ইটের খোয়া ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ঠিকাদার তার নিজস্ব ইটভাটায় প্রায় দুই বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত ও নিম্নমানের খোয়া এই রাস্তায় ব্যবহার করছেন। রোদ-বৃষ্টিতে নষ্ট হওয়া এসব অতি শুষ্ক ও আর্দ্রতাবিহীন খোয়া ব্যবহারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পুরোনো ও আর্দ্রতাবিহীন খোয়া বিটুমিনের সাথে সঠিকভাবে মিশতে পারে না। ফলে কার্পেটিং করার অল্প দিনের মধ্যেই রাস্তা দেবে যাওয়া ও ভেঙে পড়ার প্রবল ঝুঁকি থাকে। উল্লেখ্য, এর আগেও লালপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করা বড় অঙ্কের বেশ কয়েকটি সড়ক মাত্র দুই বছরের মাথায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
অনিয়মের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশল বিভাগের তদারকির দায়িত্বে থাকা মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ মুহাম্মদ শহিদুল হক জানান, “সড়ক সংস্কার কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়ে থাকলে তা অপসারণ করানো হবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard