বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি কোন দলের হতে পারে না, তিনি রাষ্ট্রের অভিভাবক; উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— রাশেদ প্রধান

13 October, 2026 8:48:48
রাষ্ট্রপতি কোন দলের হতে পারে না, তিনি রাষ্ট্রের অভিভাবক; উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— রাশেদ প্রধান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান বলেছেন, “রাষ্ট্রপতির পদ একটি নিরপেক্ষ পদ। বঙ্গভবনকে রাতের আঁধারে উপ-নির্বাচনের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

১২ অক্টোবর সোমবার দুপুরে রুহিয়া রেলস্ট এলাকা আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দানকালে তিনি এ অভিযোগ তোলেন।

বক্তব্যে প্রকৌশলী রাশেদ প্রধান বলেন, “বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এলাকার মুরুব্বি মানুষ, তিনি রাষ্ট্রপতি হয়ে ঠাকুরগাঁওয়ের নাম উজ্জ্বল করেছেন, আমরা তাকে সম্মান জানাই। কিন্তু রাষ্ট্রপতি কোনো দলের হতে পারেন না, তিনি পুরো দেশের অভিভাবক। বঙ্গভবনকে ঠাকুরগাঁওয়ের উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঠাকুরগাঁওয়ে কোনো পরিবারতন্ত্র বা বৈষম্য চলবে না।

উন্নয়ন ও অবহেলার চিত্র তুলে ধরে জাগপা সহ-সভাপতি বলেন, “১৯৭১ সালের পর থেকে এই উত্তরবঙ্গ ও ঠাকুরগাঁও চরমভাবে অবহেলিত। অনেক বড় বড় নেতা ও এমপি-মন্ত্রী আসলেও ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতাল গড়ে ওঠেনি। মানুষ একটু ভালো চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় দৌড়াতে গিয়ে পথেই মারা যান।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়নি। ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছায়নি, বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানো হয়েছে, নিত্যপণ্যের সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। সাধারণ মানুষকে আবার এক চরম সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাশেদ প্রধান বলেন, “ঠাকুরগাঁওয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক, দীর্ঘ নির্যাতন সহ্য করা মজলুম নেতা দেলোয়ার হোসেন বিজয়ী হলে এই অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা ও হাসপাতালসহ প্রকৃত অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে। তাই আগামী ২৯ তারিখের উপ-নির্বাচনে সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলোয়ার হোসেনসহ জামায়াতে ইসলামী ও জাগপার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard