মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন হয়েছে।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “এই খেলার উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা। তোমরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। তাই নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে।”
আজকের ফাইনাল খেলায় অনূর্ধ্ব-২০ পুরুষ ক্যাটাগরিতে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং রাজনগর থানা রানার আপ হয়।
অপরদিকে, অনূর্ধ্ব-২০ নারী ক্যাটাগরিতে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং শ্রীমঙ্গল থানা রানার আপ হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ৭টি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পুরুষ ক্যাটাগরিতে ৭টি দল এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নারী ক্যাটাগরিতে ২টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে একটি বাছাইকৃত দল রেঞ্জ পর্যায়ে প্রেরণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের; জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব হানিফ মোঃ খান নিয়াজ; মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম; বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



