মোল্লাহাটে মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামিলীগের সংঘর্ষে আহত ১, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মোল্লাহাটে মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামিলীগের সংঘর্ষে আহত ১, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকেই মোল্লাহাট মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি ব্রিজের ওপর এসে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওপর আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে আসা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে পুরো ব্রিজ এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হন। তিনি উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হন। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।
সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি ব্রিজ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, খুলনা-মাওয়া মহাসড়কের ওই অংশে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



