শুক্রবার ১২ জুন, ২০২৬

মোরেলগঞ্জে ৪ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ বাঁধ অপসারণ, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৫ গ্রামের মানুষ

11 June, 2026 5:26:08
মোরেলগঞ্জে ৪ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ বাঁধ অপসারণ, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৫ গ্রামের মানুষ

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের শুভরাজকাটী এলাকায় দীর্ঘদিন ধরে নির্মিত একাধিক অবৈধ বাঁধ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে নির্মিত বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করেন।
এ সময় তেলিগাতী ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ দাস, সার্ভেয়ার আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি খাল ও জলাশয়ে একাধিক বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ রেখে মাছ চাষ করে আসছিলেন। এতে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাঁধ অপসারণের ফলে পঞ্চকরণ ইউনিয়নের মিস্ত্রী গ্রামসহ অন্তত পাঁচটি গ্রামের প্রায় ৩০০ বিঘা কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আসবে। স্থানীয় কৃষকদের মতে, এখন এসব জমিতে বছরে দুটি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে, যা এলাকার কৃষি উৎপাদন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তারা নানা ভোগান্তির শিকার ছিলেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে পানি চলাচল স্বাভাবিক হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, “জনস্বার্থ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধভাবে নির্মিত বাঁধগুলো অপসারণ করা হয়েছে। কোথাও যাতে পুনরায় পানি প্রবাহে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। তারা আশা করছেন, ভবিষ্যতে খাল ও জলাশনের স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে এলাকার কৃষি ও পরিবেশ উভয়ই উপকৃত হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport