মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬ দোকান পুড়ে ছাই,ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬ দোকান পুড়ে ছাই,ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদশা মিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) ভোররাত প্রায় ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের যাত্রীরা প্রথমে দোকানে আগুন জ্বলতে দেখতে পান। পরে তারা দ্রুত স্থানীয়দের ডেকে তুললে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক চেষ্টা শুরু হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে আগুনে পুড়ে যায় বাজারের ৬টি দোকান ও ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল।
ব্যবসায়ীদের দাবি, একটি ইলেকট্রনিক সামগ্রী ও ব্যাটারি চার্জের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মন্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সী, সিট কাপড় ও টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত এবং গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।
ঘটনার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

