শনিবার ৩১ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

30 October, 2026 10:48:00
মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

এমপি অধ্যক্ষ আব্দুল আলীম: দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের সাধ্যের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৫ শয্যাবিশিষ্ট বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। আগামী ৬ নভেম্বর থেকে হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের সাধ্যের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। রোগীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ছাড় প্রদানের মাধ্যমে হাসপাতালটিকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মো. ফরহাদ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের আমির মাস্টার আল আমীন হাওলাদার ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ডা. ফারজিয়া সুলতানা, সেলিমগড় আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মো. আমীর আলী তালুকদার, জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার রেজাউল করিম এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভির আহমাদ ও মেহেদী হাসান নিয়াজ।

হাসপাতালের ম্যানেজার সুলাইমান হাওলাদার জানান, ১৫ শয্যার এ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ প্যাথলজি পরীক্ষার সুবিধা রাখা হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া রোগীদের জরুরি যাতায়াতের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও থাকবে। আগামী ৬ নভেম্বর থেকে হাসপাতালটির কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবায় ব্যবহারের জন্য স্থাপিত পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি পরিদর্শন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটি চালু হলে মোরেলগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের জন্য স্থানীয় পর্যায়ে চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে। বিশেষ করে সাধারণ ও নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা পেলে দূরবর্তী শহরে যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে। তবে চিকিৎসাসেবার মান, চিকিৎসকের উপস্থিতি, পরীক্ষার নির্ভুলতা ও সেবার ব্যয় সাশ্রয়ী রাখার বিষয়গুলোই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard